নাজিরপুরে গ্রামীণ অর্থনীতি সচল করতে সমন্বিত উদ্যোগের আহ্বান

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

নাজিরপুরে গ্রামীণ অর্থনীতি সচল করতে সমন্বিত উদ্যোগের আহ্বান

পিরোজপুরের নাজিরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, পল্লী উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট বা অবকাঠামো নির্মাণ নয় বরং গ্রামীণ জনপদের শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে। আর এ লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এছাড়াও পল্লী উন্নয়নকে টেকসই করতে হলে আমাদের তৃণমূলের প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে। সমবায় ও ক্ষুদ্র ঋণের সঠিক ব্যবহারের মাধ্যমে গ্রামীণ নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আমাদের কর্মতৎপরতা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠান শেষে পল্লী উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতি সচল করতে উপজেলা নির্বাহী অফিসার উপকারভুগী শিক্ষ্যার্থী ও ঋণ গ্রহীতাদের মাঝে ঋণের চেক বিতরণ করেন।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মো. মঞ্জুর এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমার দেশের উপজেলা প্রতিনিধি ও নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদ, বীর মুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আ. রাজ্জাক।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা আশা প্রকাশ করেন, গ্রামীণ জনপদের এই উন্নয়ন ধারা অব্যাহত থাকলে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন