মিশিগানে গান-কবিতায় রেনেসাঁর সাংস্কৃতিক বনভোজন

বিনোদন রিপোর্টার

মিশিগানে গান-কবিতায় রেনেসাঁর সাংস্কৃতিক বনভোজন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে মননশীল সাংস্কৃতিক সংগঠন রেনেসাঁ কালচারাল গ্রুপের উদ্যোগে এক মনোমুগ্ধকর বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রেনেসাঁ কালচারাল গ্রুপের পরিচালক শিল্পী শফিকুল ইসলাম রুবেলের তত্ত্বাবধানে এবং সহকারী পরিচালক সুলায়মান আল মাহমুদের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাহেদুল ইসলাম। যাত্রার সূচনায় পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ মোমিনুল ইসলাম।

বনভোজন উপলক্ষে মিশিগানের ওয়ারেন শহর থেকে অংশগ্রহণকারীরা যাত্রা করেন লেক্সিংটন স্টেট হারবারের উদ্দেশ্যে। পুরো যাত্রাপথ জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাসে বাসে গড়ে ওঠে প্রাণবন্ত সাংস্কৃতিক আবহ গান, কবিতা আবৃত্তি, জীবনের গল্প ও স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে সফরের প্রতিটি মুহূর্ত। লেক্সিংটন স্টেট হারবারে পৌঁছে সাগরের নীল জলরাশির তীরে সবাই একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। পরে অনুষ্ঠিত হয় ফুটবল খেলা, সাঁতারসহ নানা বিনোদনমূলক কার্যক্রম, যা পুরো আয়োজনকে করে তোলে আরও আনন্দঘন ও প্রাণবন্ত।

বিজ্ঞাপন

অংশগ্রহণকারী শিল্পীরা জানান, এই বনভোজন কেবল একটি বিনোদনমূলক আয়োজন নয়; বরং এটি ছিল শিল্প, সংস্কৃতি ও পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার এক অনন্য মিলনমেলা। আয়োজন নিয়ে রেনেসাঁ কালচারাল গ্রুপের সহকারী পরিচালক সুলায়মান আল মাহমুদ জানান, ‘দেশ থেকে প্রায় ১২ হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও আমরা প্রতিনিয়ত দেশের সাংস্কৃতিক আবহে থাকতে চাই। বাংলা গান, ইসলামি গান ও বাংলা কবিতা আমাদের আত্মিক পরিচয় প্রকাশের গুরুত্বপূর্ণ উপাদান।

মিশিগানে বসবাসরত বাংলাদেশিরা একত্র হয়ে বনভোজন ও বাংলা গান, কবিতার আশ্রয়ে আনন্দ করতে পারাটা আমাদের কাছে বিষে উপলক্ষ হিসেবে ধরা দেয়। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে একটা দিনের জন্য হলেও বাংলাদেশের আবহ অনুভব করতে পারি। সেই সঙ্গে সুস্থ সাংস্কৃতিচর্চা এগিয়ে নিতে নানাজন নানা ধরনের পরামর্শ দেন। সব মিলিয়ে বনভোজন কেবলই বনভোজনে আটকে না থেকে তা হয়ে উঠে সুস্থ সংস্কৃতি চর্চার অনুপ্রেরণা।’

এমন সাংস্কৃতিক ও পারস্পরিক সংযোগভিত্তিক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা প্রবাসে মননশীল সংস্কৃতি চর্চাকে আরও সমৃদ্ধ করবে বলে আয়োজকরা জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...