৪০ বছর আগের দুঃখগাথা

‘জিকো ট্র্যাজেডি’ ফেরালেন গিমারাইস

নজরুল ইসলাম

‘জিকো ট্র্যাজেডি’ ফেরালেন গিমারাইস

নিউ জার্সিতে ম্যাচের তখন ১৪তম মিনিট। পেনাল্টি পেয়েছিল ব্রাজিল। গ্যালারি থেকে শুরু করে টিভির সামনে থাকা কোটি কোটি ফুটবলপ্রেমী ভেবেছিলেন, পেনাল্টি শটটি দলের প্রধান তারকা ভিনিসিয়ুস জুনিয়রই নেবেন। কিন্তু গোটা পৃথিবীকে অবাক করে দিয়ে ভিনিসিয়ুস বল তুলে দেন ব্রুনো গিমারাইসের হাতে। সংশয় জেগেছিল ঠিক তখনই, যা ম্যাচের শেষভাগে এসে ব্রাজিলের জন্য এক মহাবিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়।
ক্যারিয়ারে ১৯ পেনাল্টির ১৩টিতে গোল করা ভিনির ব্রাজিলের জার্সিতে রেকর্ড খুব একটা ভালো নয়—তিন শটে মাত্র এক গোল। অন্যদিকে গিমারাইস ক্যারিয়ারে মাত্র তিনবার পেনাল্টি নিয়ে সবকটিতেই গোল করলেও এর আগে ব্রাজিলের জার্সিতে কখনো এই শট নেননি। ম্যাচটি ছিল বিশ্বকাপের শেষ ষোলোর—একটি ভুল যেখানে চার বছরের দীর্ঘ দুঃখের উৎস হতে পারে। শেষ পর্যন্ত ঘটেছেও ঠিক তা-ই। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের হারে বিশ্বকাপের নকআউট পর্ব থেকে বিদায় নিল ব্রাজিল। ম্যাচে ব্রাজিল দুটি পেনাল্টি পেলেও গিমারাইসের স্পটকিক জাল খুঁজে পায়নি।
স্বাভাবিকভাবেই এ সিদ্ধান্ত নিয়ে ফুটবল বিশ্বে সমালোচনা হচ্ছে প্রচুর। আর গিমারাইসের এই মিস ফিরিয়ে এনেছে ৪০ বছর আগের এক দুঃসহ স্মৃতি। বিশ্বকাপের মূল ম্যাচে (টাইব্রেকার বাদে) ব্রাজিল সর্বশেষ পেনাল্টি মিস করেছিল ১৯৮৬ আসরে, ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে। সেদিন মাত্র দুই মিনিট আগে বদলি হিসেবে নামা ‘সাদা পেলে’ খ্যাত কিংবদন্তি জিকো পেনাল্টি মিস করেছিলেন। গিমারাইসের ব্যর্থতা যেন সেই জিকো ট্র্যাজেডিরই পুনরাবৃত্তি।
এরপর অবশ্য ১৯৯৪ থেকে শুরু করে রাই, রোনালদো, রিভালদো, রোনালদিনহো ও নেইমাররা বিশ্বকাপে টানা ছয়টি পেনাল্টি থেকে গোল করেছিলেন। গিমারাইসের এই ব্যর্থতায় ব্রাজিল এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডেও নাম লেখাল। বিশ্বকাপের নকআউট ম্যাচে দুটি পেনাল্টি পেয়েও বিদায় নেওয়া চতুর্থ দল এখন সেলেসাওরা। এর আগে ২০০২ সালে আয়ারল্যান্ড এবং ২০২২ সালে ইংল্যান্ড ও ফ্রান্স এই তিক্ত স্বাদ পেয়েছিল।
ইতিহাসের পাতায় চোখ থাকলে কোচ কার্লো আনচেলত্তি হয়তো গিমারাইসকে এ দায়িত্ব দিতেন না। কারণ, ইতিহাস বলছিল বিশ্বকাপে এর আগে নকআউট ম্যাচে তিনবার পেনাল্টি মিস করে দুবারই বাদ পড়েছিল ব্রাজিল (১৯৩৪ সালে ব্রিতো এবং ১৯৮৬ সালে জিকো)। চতুর্থ দফায় এসেও সে একই ভুলের খেসারত দিতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন