ঘণ্টায় ২৯০ কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চল গুয়াম ও নর্দান মারিয়ানা দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে সুপার টাইফুন বাভি । এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রবল ঝড় ও ভারি বৃষ্টিতে এই দ্বীপপুঞ্জে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, এই ঝড় অত্যন্ত বিপজ্জনক এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। সমুদ্রে প্রায় ৩৫ ফুট উঁচু ঢেউ সৃষ্টি হতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নর্দান মারিয়ানা দ্বীপপুঞ্জের রোটা দ্বীপে ইতোমধ্যে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে প্রায়ই শক্তিশালী ঘূর্ণিঝড় হয়। তবে বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এখন আরো বেশি শক্তিশালী টাইফুন তৈরি হচ্ছে।
রোটা দ্বীপটি গুয়ামের উত্তর-পূর্বে অবস্থিত এবং ঝড়টি সরাসরি এই দ্বীপের ওপর দিয়ে যাচ্ছে। সেখানকার মেয়র সবাইকে ঘরের বাইরে বের না হতে এবং নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন।
রোটার উত্তরে থাকা সাইপান দ্বীপে বিমানবন্দরে ঘণ্টায় ১৬১ কিলোমিটারের বেশি গতির দমকা হাওয়া রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, সোমবার দুপুর পর্যন্ত ঝড়ের বাতাস খুবই শক্তিশালী থাকবে। এরপর ধীরে ধীরে এর শক্তি কমবে।
প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষের বাস গুয়ামে। সেখানে পাঁচটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে মোট প্রায় ১ হাজার ৭০০ জন থাকতে পারবেন। তবে রোববার দুপুরের মধ্যেই একটি আশ্রয়কেন্দ্র পূর্ণ হয়ে যাওয়ায় মানুষকে অন্য কেন্দ্রে পাঠানো হচ্ছে।
যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার বাভিকে সুপার টাইফুন হিসেবে ঘোষণা করেছে।
সূত্র: বিবিসি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



খামেনির জানাজার জন্য তেহরানের আকাশসীমা বন্ধ করছে ইরান