মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের তামান মালুরি নাইট মার্কেটে অভিযান চালিয়ে ২০০ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এদের মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে দুই সপ্তাহ নজরদারি চালানোর পর এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নাম ছিল ‘অপ কুটিপ’। অভিযানে কুয়ালালামপুর ও পুত্রাজায়ার ইমিগ্রেশন বিভাগ ও কুয়ালালামপুর সিটি হল একসঙ্গে অংশ নেয়।
ইমিগ্রেশন বিভাগের পরিচালক হামশা ইনজাউ জানান, মোট ৫০০ জনের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ছিলেন ৪০৭ জন বিদেশি এবং ৯৩ জন মালয়েশিয়ান। যাচাই শেষে ২০০ জন বিদেশিকে আটক করা হয়।
আটকদের মধ্যে ১২৫ জন পুরুষ এবং ৭৫ জন নারী রয়েছেন। তারা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিয়ানমার, ভিয়েতনাম, চীন, পাকিস্তান ও ভারতের নাগরিক।
অভিযানটি সন্ধ্যা ৬টার দিকে শুরু হয়। ইমিগ্রেশন কর্মকর্তাদের দেখে অনেক বিদেশি পালানোর চেষ্টা করেন। কেউ কেউ লুকিয়ে পড়লেও পরে কর্মকর্তারা তাদের খুঁজে বের করেন।
হামশা ইনজাউ বলেন, এই এলাকায় অনেক বিদেশি জড়ো হচ্ছেন—এমন অভিযোগ পাওয়ার কারণেই এখানে অভিযান চালানো হয়েছে।
তিনি আরো জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। বৈধ ভ্রমণ নথি (পাসপোর্ট/ভিসা) না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা, সামাজিক ভিজিট পাসের অপব্যবহার এবং ভিসা বা ইমিগ্রেশন পাসের শর্ত ভঙ্গ করার অভিযোগ পাওয়া গেছে।
তিনি বলেন, শুধু তামান মালুরি নয়, কুয়ালালামপুরের অন্যান্য নাইট মার্কেটেও এ ধরনের অভিযান চালানো হবে, বিশেষ করে যেখানে অনেক বিদেশি যাতায়াত করেন।
তিনি আরো বলেন, অবৈধভাবে থাকা বিদেশিদের পাশাপাশি তাদের নিয়োগদাতা, ব্যবসায়ী, দালাল, চক্র এবং যারা তাদের আশ্রয় দেয় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: মালয় মেইল
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



আবারও ইরানের প্রধান বিচারপতি হলেন মোহসেনি এজেই