উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, ৮ জনের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, ৮ জনের লাশ উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারি বর্ষণের কারণে পাহাড়ধসের পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৮জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

উখিয়ার পালংখালী জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ডি/৬ ব্লকে পাহাড়ধসে রোহিঙ্গা যুবক মোহাম্মদ কামাল হোসাইন (৪৪) বসতঘর মাটিচাপা পড়ে। পরে উদ্ধারকারিরা কামাল হোসাইন, তার স্ত্রী হুমায়রা বেগম (৩৯) এবং তাদের চার বছর বয়সী ছেলে মোহাম্মদ আনাসের লাশ উদ্ধার করেন।

এর কিছুক্ষণ পর কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/৭ ব্লকে পাহাড় থেকে নেমে আসা মাটি চাপা পড়ে একরাম (৭) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়। সে ওই ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ রশিদের ছেলে।

বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/১১ ব্লকে আরও একটি পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে উম্মে হাবিবা (২৭), তার বোন তানজিনা আক্তার (১৩), মোহাম্মদ রিহান (৫) এবং হারুনুর রশিদ (৩) মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, ভারি বর্ষণের মধ্যে পাহাড় ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পৃথক তিনটি ঘটনায় আটজনের লাশ উদ্ধার করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, টানা বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে ৮ জনের মৃত্যু খবর পাওয়া গেছে৷। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারিদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। তিনি সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহমদ বলেন, পাহাড় ধসের খবর পাওয়ার পরপরই এপিবিএনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস এর সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান পরিচালনা করে । রোহিঙ্গাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে এপিবিএন পুলিশ কাজ করছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...