সবজি চাষে স্বাবলম্বী জামফুল বেগম

মিজানুর রহমান রাঙ্গা, সাঘাটা (গাইবান্ধা)

সবজি চাষে স্বাবলম্বী জামফুল বেগম

গাইবান্ধার চিরায়ত রূপ বন্যা ও নদীভাঙন। যমুনা ও তিস্তা নদীবেষ্টিত চরাঞ্চলের মানুষ প্রতিনিয়ত ভাঙনের সঙ্গে লড়াই করে জীবনযাপন করেন। সেই জীবনসংগ্রামের মধ্যেই অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রতনপুর গ্রামের সংগ্রামী নারী জামফুল বেগম।

একসময় প্রতিবছর বন্যার করাল গ্রাসে তার বসতভিটা তলিয়ে যেত। ক্ষতিগ্রস্ত হতো ঘরবাড়ি। স্বামী, দুই ছেলে ও দুই মেয়েসহ ছয় সদস্যের পরিবার নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটত তার। তবে এখন আর সেই দিন নেই। কঠোর পরিশ্রম ও সময়োপযোগী উদ্যোগে বদলে গেছে তার ভাগ্য। পাল্টে গেছে তার জীবনচিত্র। বসবাসের নিরাপত্তা না থাকায় বাড়ির আঙিনায় কোনো ধরনের সবজি চাষ করাও তার পক্ষে সম্ভব ছিল না। পরে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) বাস্তবায়িত ‘প্রুফস’ প্রকল্পের আওতায় তার বসতভিটা উঁচু করা হয়। ফলে এখন প্রলয়ংকরী বন্যার মধ্যেও তার ঘরবাড়ি নিরাপদ থাকে। পাশাপাশি বাড়ির আঙিনায় সবজি চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, বসতভিটা উঁচু করার পর বাড়ির চারপাশের পতিত ও খালি জায়গা কাজে লাগিয়ে জামফুল বেগম আধুনিক পদ্ধতিতে মৌসুমি সবজি চাষ শুরু করেন। বর্তমানে তার বাড়ির চারপাশে লাউ, পুঁইশাক, ঝিঙা, চিচিঙ্গা, করলাসহ নানা ধরনের পুষ্টিকর ও বিষমুক্ত সবজির সমারোহ। পরিবারের দৈনন্দিন সবজির চাহিদার সিংহভাগই এখন নিজেদের উৎপাদিত সবজি থেকে পূরণ হচ্ছে। এতে একদিকে পরিবারের পুষ্টির চাহিদা মিটছে, অন্যদিকে উদ্বৃত্ত সবজি স্থানীয় বাজারে বিক্রি করে বাড়তি আয়ও করছেন তিনি।

নিজের এই সাফল্যের কথা তুলে ধরে জামফুল বেগম বলেন, ‘প্রকল্প থেকে সময়মতো আধুনিক প্রশিক্ষণ ও উন্নতমানের বীজ পেয়েছি। ফলে সবজি চাষে খুব ভালো ফলন হয়েছে। এখন আর বন্যায় সবকিছু ভেসে যাওয়ার ভয় নেই। আমার সাফল্য দেখে প্রতিবেশীরাও বাড়ির আঙিনায় সবজি চাষে আগ্রহী হচ্ছেন।’

এ বিষয়ে কথা হলে চরাঞ্চলের পরিবেশ ও জীবনমান উন্নয়ন নিয়ে কাজ করা গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) সমন্বয়কারী আফতাব হোসেন বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় চরাঞ্চলে বসতভিটা উঁচু করা এবং এর সঙ্গে গ্রামীণ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা টেকসই উন্নয়নের একটি কার্যকর উদ্যোগ। জামফুল বেগমের সাফল্য তারই উজ্জ্বল উদাহরণ।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন